৪৪তম বিসিএসে দুই বিষয়ের লিখিত পরীক্ষা আঞ্চলিক কেন্দ্রে হবে না

৪৪তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। আবশ্যিক বিষয়ের পরীক্ষা শেষ হবে ৫ জানুয়ারি। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদ–সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ৮ জানুয়ারি শুরু হয়ে চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আরবি ও ইসলামী শিক্ষা বিষয়ের লিখিত পরীক্ষা আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে না। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পদ-সংশ্লিষ্ট আরবি (১৩১) ও ইসলামী শিক্ষা (২০১) বিষয়ের সব প্রার্থীর (আঞ্চলিক কেন্দ্রসহ) লিখিত পরীক্ষা আগামী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত পিএসসির ৭১ মিলনায়তন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ দুটি বিষয়ের পরীক্ষা আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে না।
লিখিত পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার জন্য ব্যবহৃত হবে। লিখিত পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রিক ঘড়ি, বইপুস্তক, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকতে পারবেন না।
